Showing posts with label মৎস. Show all posts
Showing posts with label মৎস. Show all posts

Monday, September 27, 2010

থাই চিলি প্রণ (অথবা চিকেন)


উপকরণঃ

১। চিংড়ী মাছ - ২ কাপ
২। সবুজ ক্যাপসিকাম ১/২টা
৩। লাল ক্যাপসিকাম ১টা
৪। হলুদ ক্যাপসিকাম ১টা
৫। পেঁয়াজ কুচি ২/৩ টেবিল চামচ
৬। পেঁয়াজ বড় ৩টা বা পছন্দ অনুযায়ী আরো বেশি
৭। হলুদ গুঁড়া আধা চা চামচ বা তার চেয়ে কিছু কম (চিংড়ী মাখানোর জন্যে)
৮। মরিচ গুঁড়া আধা চা চামচ বা তার চেয়ে কিছু কম (চিংড়ী মাখানোর জন্যে)
৯। মরিচ গুঁড়া ১ চা চামচ
১০। টমেটো সস আধা কাপ বা নিজের স্বাদ অনুযায়ী
১১। টেস্টিং সল্ট ২/৩ চিমটি
১২। লবণ ১ চা চামচা বা পরিমাণমত
১৩। চিনি ১ চা চামচ
১৩। কর্ণফ্লাওয়ার ২/৩ টেবিল চামচ
১৪। পানি ১ থেকে দেড় কাপ

রাঁধি যেভাবেঃ

প্রথমে চিংড়ি মাছ আধা চা চামচ হলুদ গুঁড়া এবং আধা চা চামচ মরিচ গুঁড়া দিয়ে মাখিয়ে একটা ফ্রাইপ্যানে ভেজে তুলে রাখতে হবে। এই মাছ ভাজার ফাঁকে আমি ক্যাপসিকাম এবং পেঁয়াজগুলো স্কয়ার করে কেটে নিই। পেঁয়াজ স্কয়ার করে কাটার জন্য আস্ত পেঁয়াজটাকে লম্বালম্বি ভাবে ৪ খনড করলেই হয়। যেহেতু আমি বড় পেঁয়াজ নিয়েছিলাম তাই এইভাবে ৪ খন্ড করার পরে আবার মাঝে মানে আড়াআড়ি ভাবে একটা খন্ড করেছি। এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি হালকা বাদামী করে ভেজে ১ চা চামচ মরিচ গুঁড়া, টমেট সস, লবণ, টেস্টিং সল্ট, সয়া সস, চিনি এবং সামান্য পানি দিয়ে কষাতে হবে অল্প কিছুক্ষন। তারপর স্কয়ার করে কেটে রাখা পেঁয়াজের টুকরা গুলো ছাড়িয়ে মশলায় দিয়ে দিতে হবে। নেড়ে চেড়ে কিছুক্ষন কষিয়ে ঢেকে সিদ্ধ করতে হবে প্রায় ৬/৭ মিনিট, এই সময়ে ঢাকনা খুলে কয়েকবার নেড়ে দিতে হবে। এবার সব রকমের ক্যাপসিকাম দিয়ে নেড়ে ঢেকে রাখতে হবে অল্প আঁচে। ৫ থেকে ১০ মিনিটে মিনিটে কিছুক্ষন পরপর ঢাকনা খুলে নেড়ে ক্যাপসিকাম সিদ্ধ হলে আগে থেকে ভেজে রাখা চিংড়ীগুলো দিয়ে নেড়ে নেড়ে মিশিয়ে আবার ২ মিনিটের মত ঢাকনা বন্ধ করে এবং নেড়েচেড়ে দিলেই রান্না প্রায় হয়ে যাবে। এর মাঝে কর্ণফ্লাওয়ারটা ঠান্ডা পানি দিয়ে গুলিয়ে রাখতে হবে আর সেটা এবার কড়াইতে ঢেলে দিতে হবে ঝোলের জন্য। এই ঝোলটা যার যার রুচি অনুযায়ী পাতলা বা ঘন করে নিলেই হবে জাল কম বেশি করে। এভাবেই হয়ে গেলো থাই স্টাইল চিলি প্রণ। এই রান্নায় মরিচ গুঁড়ার পরিমান কারো ইচ্ছা হলে বাড়িয়ে নিতে পারে, যদি ঝাল ভালো লাগে।

আরো কথাঃ ঠিক একই ভাবে চিংড়ির জায়গায় চিকেল ফিলেট টুকরা দিয়ে থাই চিলি চিকেন করা যায়। সেক্ষেত্রে চিকেনটা শুধু আগে ভাজার পরিবর্তে সিদ্ধ করে নিতে হবে লবণ দিয়ে। চাইল একটু হলুদও দেয়া যায় সিদ্ধ করার সময়। যার যার ইচ্ছা মত টুকটাক বদলে নিলে কোন সমস্যাই নেই।

Saturday, February 16, 2008

টমেটো সসে মৃগেল মাছ

এটা অতি সহজ একটা রান্না। প্রায় কিছুই না ধরনের। তবে খাবার সময় দেখা গেলো জিনিসটা ব্যাপক মজা। তাই লিখে রাখছি।

উপকরণঃ
মৃগেল মাছের টুকরা- ৪ অথবা ৫ অথবা ৬
পেঁয়াজ কুঁচি- আধা কাপ বা আরো কম বা বেশি
কাঁচা মরিচ-৫/৬টা
হলুদ গুঁড়া-আধা চা চামচ
মরিচ গুঁড়া-আধা চা চামচ
ধনিয়া গুঁড়া-আধা চা চামচ
জিরা গুঁড়া-আধা চা চামচ
লবণ-১ চা চামচ
টমেটো সস- ৩ টেবিল চামচ বা পছন্দমত
তেল-আন্দাজমত (৩টেবিল চামচ)
পানি-আন্দাজমত

প্রণালীঃ
প্রথমে অবশ্যই মাছের আঁশ পরিষ্কার করে টুকরা করে নিতে হবে। আধা চা চামচ হলুদ গুঁড়া, আধা চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ লবণ একসাথে মাখিয়ে মাছের টুকরার সাথে মাখিয়ে নিতে হবে। তারপর ফ্রাইপ্যানে তেল মোটামুটি গরম করে মাছের টুকরা ছেড়ে এপিঠ-ওপিঠ করে ভেজে নিতে হবে। ভাজাটা খুব কড়া হয় না যেন, মোটামুটি হলে ভালো। এরপর মাছের টুকরাগুলো একটা পাত্রে তুলে রেখে দিতে হবে। কড়াইয়ের বাকি তেলে পেঁয়াজ কুচি ছেড়ে হালকা বাদামী করে ভেজে তার ওপর জিরা গুঁড়া, ধনে গুঁড়া, আধা চা চামচ লবন, আবার একটুখানি হলুদ-মরিচ গুঁড়া দিয়ে নেড়ে একটু পানি দিয়ে ভুনে নিতে হবে। এর ওপর টমেটো সস দিয়ে, সামান্য পানি দিয়ে নেড়ে ঢেকে দিতে হবে। ১/২ মিনিট পরেই ঝোল ঘন হলে তাতে ভেজে রাখা মাছগুলো দিয়ে মাছের সাথে মশলা মিশিয়ে দিতে হবে। বেশি নাড়াচাড়া করে যেন মাছ ভেঙ্গে ফেলা না হয়! এবার ২ মিনিট এভাবে ঢেকে রেখে তারপর ঝোলের পানি দিয়ে ঢেকে দিতে হবে। এই সময় কাঁচা মরিচগুলো দিতে হবে। পানি বেশি না দেয়াই ভালো, তাতে ঘন হবে, খেতে ভালো লাগবে। একটু পরে ঢাকনা সরিয়ে লবণটা চেখে ঠিক থাকলেই...ব্যস, শেষ! চূলা বন্ধ।

পরিশিষ্টঃ
মৃগেল মাছ নামটা কোন ব্যাপার না। রুই, কাতল মাছ দিয়েও একই রান্না নিশ্চয়ই করা যাবে।